জামায়াত আমির

শহীদদের রক্তের আমানত রক্ষার দায়িত্ব জামায়াতের নেতাকর্মীদের

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৩:১৩ পিএম
শহীদদের রক্তের আমানত রক্ষার দায়িত্ব জামায়াতের নেতাকর্মীদের

জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দলের কোনো জনপ্রতিনিধি বা সংসদ সদস্য অন্যায় ও দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না; প্রয়োজন হলে দল থেকে বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার (৪ জুন) গাজীপুরের একটি অডিটোরিয়ামে আয়োজিত সারাদেশের বাছাইকৃত থানা আমীরদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ সময়ের ত্যাগ, জেল-জুলুম, নির্যাতন এবং অসংখ্য মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে জামায়াতে ইসলামী আজকের অবস্থানে পৌঁছেছে। শহীদদের রক্ত দলের কাছে আমানত, আর সেই আমানত রক্ষার দায়িত্ব নেতাকর্মীদের ওপর বর্তায়।

তিনি বলেন, সরকারের কোনো অন্যায় আচরণ বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড জামায়াতে ইসলামী মেনে নেবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদের ভেতরে ও রাজপথে সমানতালে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে।

জামায়াত আমীর অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার বিগত সরকারের পথ অনুসরণ করছে। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এ বিষয়ে তাদের বাড়াবাড়ি সেই প্রবণতারই বহিঃপ্রকাশ।

পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় সরকার ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটি তদন্ত কমিটি গঠিত হলেও এখনো কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। কেন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, সে প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠন করতে চায়। এজন্য নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অশালীন ভাষা, অসত্য তথ্য ও গুজব প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি সততা, জবাবদিহিতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, দলের কোনো জনপ্রতিনিধি অন্যায় বা দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নিতে জামায়াতে ইসলামী কোনো দ্বিধা করবে না।

এম জি