মাদারীপুর পৌর মহাশ্মশানের সামগ্রিক উন্নয়নে আধুনিক চুল্লি ও শেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর সদর দরগা খোলা কালীবাড়ি সংলগ্ন মহাশ্মশান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চুল্লির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, এই অঞ্চলে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বী দুইটি সম্প্রদায় যুগ যুগ ধরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। তবে কিছু ক্ষেত্রে সনাতন ধর্মের মানুষদের বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়, যা কোনোভাবেই কাম্য নয়। যখনই কোনো ব্যক্তিগত স্বার্থ বা বিরোধ সাম্প্রদায়িক রূপ নেওয়ার চেষ্টা করে, তখনই সেখানে হস্তক্ষেপ করতে হয়। তিনি সমাজে কোনো কলঙ্কদায়ক অধ্যায় রচনা না করে সবাইকে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর পৌরসভার প্রশাসক ও সরকারের উপ-সচিব মোছা. জেসমিন আক্তার বানু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম কখনো আলাদা করে দেখেন না, এই নীতিতে সরকার বিশ্বাসী। মহাশ্মশানের এই আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রমের সম্পূর্ণ অর্থায়ন করেছে বর্তমান সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এর জন্য প্রয়োজনীয় জায়গা বরাদ্দ দিয়েছে মাদারীপুর পৌরসভা।
অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, মাদারীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন