ভূরুঙ্গামারীর বাজারে ৯৫ দোকান পুড়ে ছাই, ১৫ কোটি টাকার ক্ষতি

ভূরুঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৩১ পিএম
ভূরুঙ্গামারীর বাজারে ৯৫ দোকান পুড়ে ছাই, ১৫ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদরের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাজারে থাকা একটি ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড় ঘণ্টার মধ্যে বাজারের ৮০টি কাপড়ের দোকান এবং পার্শ্ববর্তী জাকের পার্টির একটি অফিসসহ আরও ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া বলেন, অধিকাংশ ব্যবসায়ী ঋণ নিয়ে ব্যবসা চালাতেন। অগ্নিকাণ্ডে তারা এখন নিঃস্ব হয়ে গেছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান তিনি।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ৯৫টি দোকানে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এবং পুনর্বাসনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।

এম জি