লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বামীর নির্যাতনে ভারতী রাণী নামে এক গৃহবধূর দুই পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই গৃহবধূ বর্তমানে বাবার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত দীপন দেব সিংহ উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার মৃত তরণী কান্ত দেব সিংহের ছেলে।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ মে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী কালীগঞ্জ উপজেলার খালিশা মদাতী এলাকার ধরনী চন্দ্র বর্মনের মেয়ে ভারতী রাণীর সঙ্গে দীপন দেব সিংহের বিয়ে হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১১ মে তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়। বিয়ের সময় নগদ ৮ লাখ টাকা, একটি ১২৫ সিসি মোটরসাইকেল এবং প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকেই দীপন দেব সিংহ আরও ৬ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। ভুক্তভোগীর পরিবার সেই টাকা দিতে না পারায় ভারতী রাণীর ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। স্বামী প্রায়ই তাকে হত্যার হুমকি দিতেন বলেও অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, গত ১০ এপ্রিল সামান্য কথাকাটাকাটির জেরে দীপন দেব সিংহ লোহার রড দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে ভারতী রাণীর দুই পায়ের হাড় ভেঙে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে দুই পায়ে স্টিলের প্লেট সংযোজন করা হয়।
ভুক্তভোগীর মা বিন্দু রাণী বলেন, আমার মেয়ের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। তার দুই পা ভেঙে গেছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত দীপন দেব সিংহের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
লালমনিরহাট জেলা জজ আদালতের আইনজীবী আব্দুর রশিদ প্রধান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, লালমনিরহাটে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি গ্রহণ করেছেন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, মামলার পরবর্তী অগ্রগতি শিগগিরই জানা যাবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন