বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে-এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।

শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, এরা আপনার বাবার খুনি, মায়ের খুনি, বিএনপির অসংখ্য নেতাকর্মীর খুনি এবং জামায়াতে ইসলামীরও নেতাকর্মীদের খুনি। তিনি সাগর-রুনী হত্যা, শাপলা চত্বর ঘটনা এবং বিডিআর হত্যাকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করেন।
এদিকে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে এখন গণভোট অস্বীকার করা হচ্ছে, যা জনগণ কখনো মেনে নেবে না। তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
অনুষ্ঠানে এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আগের দিন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।
অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন