দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, যাত্রীদের ভোগান্তি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৯:১৭ পিএম
দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, যাত্রীদের ভোগান্তি

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। 

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে নৌ পুলিশের তৎপরতায় আগেই যাত্রীদের নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

দুপুরের পর সরেজমিনে দেখা যায়, তিনটি ঘাটের মধ্যে দুটি সচল থাকলেও একটি ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের সুনিপুণ অর্গানিক পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ৭ নম্বর ঘাট চালু হলেও যানবাহনের চাপ অব্যাহত থাকে।

এ সময় প্রায় ২০০ থেকে ৩০০টি যানবাহন নদী পারের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে চালক ও যাত্রীদের ভোগান্তি বাড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকালে দুর্ঘটনার কারণে কিছু সময় তিনটি ঘাটের মধ্যে দুটি ঘাট চালু ছিল। পরে বিকেলে ৭ নম্বর ঘাট পুনরায় চালু করা হয়। ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষের চাপ থাকায় সিরিয়াল তৈরি হয়েছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে বর্তমানে ১৩টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

এম জি