প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
সম্প্রতি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) ও সদস্য সচিব মো. আবদুল আজিজ স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ ঘোষণা দেওয়া হয়।
টাঙ্গাইলে দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন শরীফা হক। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলায় সফলভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে প্রশংসা অর্জন করেছেন তিনি। শিশুদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর নেওয়া উদ্যোগগুলো শিক্ষা সংশ্লিষ্ট মহলে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।
শরীফা হক মনে করেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি নানা উদ্যোগ গ্রহণ করে চলেছেন।
দেশ-বিদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী এই প্রশাসক বিশ্বাস করেন, জনগণের আস্থা অর্জনই একজন কর্মকর্তার সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠাকে তিনি অগ্রাধিকার দিয়ে থাকেন।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে তাঁর গৃহীত উদ্যোগগুলো ভবিষ্যতে দেশের অন্যান্য জেলাতেও অনুসরণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন