সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাকচাপায় দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান।
জানা গেছে, নিহতরা মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের জালকুড়ির দিকে আসছিলেন। চলন্ত পথে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছামাত্র নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে চাপায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতরা ছাত্রদল ও যুবদলের নেতা। আমরা সংঘর্ষে জড়িত ট্রাকটি জব্দ করেছি। তবে চালককে এখনো আটক করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত যুবদল ও ছাত্রদল নেতার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেন, সিটি করপোরেশন নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন