দেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও মাগুরায় প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। বুধবার সকালে মাগুরা-আরপাড়া সড়কের মঘীঢাল এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মাগুরা জেলা ছাত্রলীগের ব্যানারে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মুখে মাস্ক পরে সড়কে মিছিল করছেন। ব্যানারে লেখা ছিল, “শিক্ষা, শান্তি, প্রগতি”, “অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না” এবং “গণতন্ত্র ও উন্নয়ন রক্ষার জন্য শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”।
মিছিলকারীরা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। এ সময় ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’, ‘শিখর ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আরিফ ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘আবিদ ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের নামেও স্লোগান দেওয়া হয়।
ভিডিওতে দেখা যায়, মিছিলটি মঘীঢাল এলাকা থেকে মহাসড়কে উঠে কিছু দূর অগ্রসর হয়। কয়েক মিনিটের এ কর্মসূচি শেষ হলেও ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা অনেকটাই প্রকাশ্য কর্মসূচি থেকে দূরে রয়েছেন। সেই প্রেক্ষাপটে মাগুরায় জেলা ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্য বিক্ষোভ মিছিল স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা বহন করছে বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে মাগুরা জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে আলোচনায় থাকলেও নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের এমন প্রকাশ্য কর্মসূচি এ জেলায় প্রথম দিকের উল্লেখযোগ্য রাজনৈতিক উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
তবে মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিষিদ্ধ ঘোষণার পরও মাগুরার রাজপথে জেলা ছাত্রলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকের মতে, এটি কেবল প্রতীকী প্রতিবাদ নয়, বরং মাঠের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার একটি প্রচেষ্টা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন