নীলফামারী সদরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) এবং কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)। আহত ব্যক্তি মিঠু ইসলাম (৩৫)। তিনি নিহত মজিবর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, আহত ও নিহতরা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। ঘটনার দিন সকালে বাবু বাজার এলাকার একটি পুকুরে বিদ্যুৎচালিত সেচযন্ত্র ব্যবহার করে মাছ ধরার জন্য পানি নিষ্কাশন করা হচ্ছিল। এ সময় সেচ পাম্পের থ্রি-ফেজ বিদ্যুৎ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত মিঠু ইসলাম বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরদিকে, সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মোজাহারের টারি এলাকায় পুকুরে ডুবে স্বপন ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার তৈয়ব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (৯ জুন) তিনি রান্নার জ্বালানি হিসেবে খড়ি সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। পরে বুধবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড়সংলগ্ন একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। এ সময় পুকুরপাড়ে খড়ির একটি বোঝাও পড়ে ছিল।
স্থানীয়দের ধারণা, খড়ি সংগ্রহের সময় মৃগী রোগের খিঁচুনি উঠলে তিনি পুকুরে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ইটাখোলা ইউনিয়ন পরিষদের সদস্য মশিউর রহমান বলেন, স্বপন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। প্রায়ই তার খিঁচুনি উঠত। ধারণা করা হচ্ছে, খড়ি কুড়াতে গিয়ে খিঁচুনি ওঠার কারণে তিনি পুকুরে পড়ে যান। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় কেউ বিষয়টি দেখতে পায়নি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন