বাকৃবির প্রধান সড়কে খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:৩৬ পিএম
বাকৃবির প্রধান সড়কে খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার প্রধান সড়কজুড়ে সৃষ্টি হওয়া অসংখ্য গর্তে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা শাখার ফটকের সামনের অংশটি বর্তমানে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জব্বারের মোড় রেলক্রসিং থেকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), বাকৃবি মিউজিয়াম হয়ে দিঘারকান্দা মেইন রোড পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে ভরে যায়, ফলে যান চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বুধবার (১০ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। নিরাপত্তা শাখার সামনে একটি মাইক্রোবাস গর্তে আটকে পড়ে। 

চালক বিল্লাল হোসেন বলেন, দিন-রাত এই সড়ক দিয়ে যানবাহন চললেও গর্তগুলো মেরামতে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

পশুপালন অনুষদের শিক্ষার্থী সালমা রাশমি বলেন, গাড়ি আটকে প্রায়ই যানজট তৈরি হয়। কাদাপানি ছিটকে পোশাক নষ্ট হয়, হেঁটে চলাচলও কষ্টকর।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, সড়কের পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে রাস্তার ক্ষতি বাড়ছে। ফলে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক মাহমুদ হাসান বলেন, ক্যাম্পাসের পরিবেশ ভালো লাগলেও সড়কের বেহাল অবস্থা হতাশাজনক। দীর্ঘদিনেও স্থায়ী সংস্কার হয়নি।

এ বিষয়ে বাকৃবির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কারণে পরে কথা বলবেন বলে জানান।

শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।

এম জি