ফেনীতে গ্যাসবাহী ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি গ্যাসবাহী ট্রাকের চাকা পাংচার হলে সেটি মহাসড়কের পাশে থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন উৎসুক মানুষ সেখানে জড়ো হন।
হঠাৎ ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর (৪০)। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় আহতদের মধ্যে আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেল (৩২) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া কক্সবাজারের কুতুবদিয়ার মো. মিজান (৩৫) এবং নোয়াখালীর সোনাপুর এলাকার সাগর (২২) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জুয়েল (১৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার বলেন, অন্তত ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আহতদের অনেকের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন