গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ ও লালন-পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ভেড়ামারা ব্র্যাক অফিস প্রাঙ্গণে কুষ্টিয়া-২ রিজিয়নের আওতাধীন ভেড়ামারা, দৌলতপুর-১, দৌলতপুর-২ এবং প্রাগপুর এলাকার কৃষি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আয়োজনে এ সচেতনতামূলক সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কুষ্টিয়া-২ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ বোরহান উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের ম্যানেজার শামিম সরকার, সিনিয়র অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট) ও এসএস (লিড) মো. তামান্না হাসান, শাখা ব্যবস্থাপক (দাবি), এক্সটেনশন অফিসার (কৃষি ও প্রাণিসম্পদ) ইলিয়াস হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কর্মসূচির আওতায় ১৫ জন সুবিধাভোগীর মধ্যে ৬০০টি লেয়ার মুরগির বাচ্চা এবং ৬০০টি খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। একইসঙ্গে হাঁস-মুরগি পালন, রোগব্যবস্থাপনা, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং লাভজনক খামার গড়ে তোলার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ নারীদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র খামারভিত্তিক উদ্যোগ অত্যন্ত কার্যকর। হাঁস-মুরগি পালন একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে, অন্যদিকে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করে নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটায়।
বক্তারা আরও বলেন, ব্র্যাকের এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে নারীরা ঘরে বসেই সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।
উপকরণ ও প্রশিক্ষণ পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন