প্রতিমন্ত্রী টুকু

ভাসানী হল রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০২:৪৭ পিএম
ভাসানী হল রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ। মওলানা ভাসানী বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়েছেন। কাজেই তাঁর স্মৃতি বিজড়িত এই ভাসানী হলকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। 

শুক্রবার সকালে টাঙ্গাইলের জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভাসানী হলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন। টাঙ্গাইলকে এক সময় সাংস্কৃতিক নগরী বলা হতো। সেই নগরীতে এভাবে একটি মিলনায়তন অবহেলিত অবস্থায় পড়ে থাকতে পারে না।

তিনি আরও উল্লেখ করেন, হলটি সংস্কারের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। টাঙ্গাইলকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে বলেও তিনি জানান।

হল পরিদর্শনের সময় গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এক বিজ্ঞান উদ্ভাবনী কর্মশালায় যোগ দেন।

জেএইচআর