ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীর নাব্যতা ও স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজসংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। তিনি বলেন, নদীর নাব্যতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কচুরিপানা অপসারণ জরুরি। নদীর স্বাভাবিক প্রবাহ সচল থাকলে কৃষি, মৎস্যসম্পদ এবং স্থানীয় জনজীবন উপকৃত হবে। এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির সদস্যসচিব নূরে আলম জিকুসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কচুরিপানায় নদীর বিভিন্ন অংশ ভরে যাওয়ায় পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। এই উদ্যোগের মাধ্যমে নদীর পরিবেশের উন্নয়ন ও পানি প্রবাহ সচল রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তাঁরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন