জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা অডিটোরিয়ামে ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ প্রতিপাদ্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ জনগণ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোতাকাব্বীর আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাই রায় চৌধুরী এবং মুখ্য আলোচক ছিলেন মো. লতিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোল্লা আজাদ হোসেন এবং ড. মো. আলফাজ উদ্দীন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির সাহিত্য, সংগীত, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা উল্লেখ করেন, নজরুল কেবল বিদ্রোহের কবিই নন, তিনি ছিলেন প্রেম, মানবতা ও মুক্তির কবি। তাঁর রচনা আজও অন্যায়, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের স্বাধীনচেতা মনন, সাম্য ও মানবতার প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন আজও প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে নজরুল চর্চা আরও বিস্তৃত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নজরুল আমাদের সকলের কবি, সকলের প্রেরণার উৎস।"
সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নজরুলসংগীত ও আবৃত্তিসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাগুরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই আয়োজন জাতীয় কবির জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন