ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটিয়ে নির্মাণ করা হয়েছে ৩৫ মিটার দীর্ঘ আধুনিক পিএসসি গার্ডার সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত “প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস (SupRB)” কর্মসূচির আওতায় প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটি গত বছরের ডিসেম্বরে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, “ময়মনসিংহ-শেরপুর আর অ্যান্ড এইচ (কাকনী ইউপি) থেকে শ্যামগঞ্জ জিসি রাস্তা ভায়া ভুশের বাজার ও রাজদাড়িকাল জিসি রাস্তার প্রতিস্থাপন” প্রকল্পের আওতায় চেইনেজ ১০৩১০ মিটারে ৩৫ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির চুক্তিমূল্য ছিল ৪ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ২৪১ টাকা।
এলজিইডির তত্ত্বাবধানে বাস্তবায়িত প্রকল্পটির মাঠপর্যায়ের নির্মাণকাজের দায়িত্বে ছিলেন উপসহকারী প্রকৌশলী শওকত আলী খান ও তারাকান্দা উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার। এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেলের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন হয়। সরকারের লক্ষ্য বাস্তবায়নে জেলায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গতি বৃদ্ধি ও টেকসই করতে জোরালো ভূমিকা রাখছেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন সেতুটি চালু হওয়ার ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও চাকরিজীবীদের যাতায়াত এবং স্থানীয় বাজারকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড এখন আরও সহজ ও গতিশীল হয়েছে। পাশাপাশি বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও অনেকাংশে কমে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে একটি টেকসই সেতুর অভাবে তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন সেতু নির্মাণের ফলে পার্শ্ববর্তী জেলা ও উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। এতে সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
উল্লেখ্য, এলজিইডির “প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস (SupRB)” কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের গ্রামীণ সেতু অবকাঠামোর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং জলবায়ু সহনশীল পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা। তারাকান্দায় নির্মিত এই সেতুটি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন