মহেশপুরে পৌর কার্যালয়ের সামনে ময়লার ভাগাড়

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০১:০২ পিএম
মহেশপুরে পৌর কার্যালয়ের সামনে ময়লার ভাগাড়

ঝিনাইদহের মহেশপুর পৌরসভা কার্যালয়ের সামনে বাইপাস সড়কের পাশে কপোতাক্ষ নদের তীরে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। প্রতিদিন পৌরসভার নয়টি ওয়ার্ডের ময়লা ট্রাকে করে এনে এখানে ফেলার কারণে এলাকাটি এখন বড় ধরনের ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পচা আবর্জনা, পলিথিন, গৃহস্থালি বর্জ্যসহ বিভিন্ন ধরনের ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, গুরুত্বপূর্ণ বাইপাস সড়কের পাশে রাস্তা ঘেঁষে পড়ে আছে বিপুল পরিমাণ বর্জ্য। স্থানীয়দের অভিযোগ, কখনো কখনো হাসপাতালের বর্জ্যও এখানে ফেলা হয়। বর্জ্যের কারণে পরিবেশ দূষণের পাশাপাশি কপোতাক্ষ নদের পানিও দূষণের ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় পথচারী মাসুম বলেন, এই রাস্তা দিয়ে চলাচলের সময় দুর্গন্ধের কারণে নাক-মুখ চেপে ধরতে হয়। অটোরিকশাচালক জাহাঙ্গীর হোসেন জানান, ময়লার স্তূপে কুকুর, বিড়াল ও কাকের আনাগোনা থাকে এবং বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা শ্রী নিতাই বলেন, দীর্ঘদিন ধরে এখানে বর্জ্য ফেলার কারণে নদীর পাড়ের পরিবেশ নষ্ট হয়ে গেছে। দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পরিবেশ বিষয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও সাহিত্যিক স্ত্রী নিখিল বলেন, জনবসতির কাছে এভাবে বর্জ্য ফেলা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য, মহেশপুর পৌরসভা ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই। এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থায়ী জায়গা নির্ধারণের চেষ্টা চলছে এবং দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত ময়লা অপসারণ করে নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হোক।

এএন