কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া বংশিরচর সীমান্তে নারী ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় লাঠি হাতে বিএসএফকে ধাওয়া দেন গ্রামবাসী।
রোববার সকালে ভারতের ঝালুয়ার চর বিএসএফ ক্যাম্প থেকে তাদের সীমান্তের দিকে নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুশইনের জন্য আনা ওই ছয়জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। তাদের মধ্যে ২ জন শিশু, ১ জন নারী ও ৩ জন যুবক রয়েছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপির ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেছেন।
শৌলমারী ইউনিয়নের ইউপি সদস্য সোনা মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই গয়টাপাড়া সীমান্তে যে কোনো ধরনের পুশইন ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
বিজিবি সূত্র জানায়, বিজিবি সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন গয়টাপাড়া বিওপির ক্যাম্পের হাবিলদার মো. মাসুদ রানা। তিনি বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন