পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০১:৩৯ পিএম
পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই। যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা হলে তা শুধু প্রকৃতির ক্ষতিই করে না, মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো ময়লার ভাগাড় সংশ্লিষ্টদের অপসারণ করতে হবে।

রোববার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এশিয়ান হাইওয়ে সড়কের পাশে গড়ে ওঠা ময়লা-আবর্জনার স্তুপ আংশিক অপসারণ ও বালু ভরাট করে সেখানে ফুল, ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

এসময় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহবুবুর রহমান, আব্বাস উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, শুধু ময়লার স্তুপ অপসারণ করলেই হবে না, ভবিষ্যতে যাতে এসব স্থানে পুনরায় বর্জ্য ফেলা না হয় সেদিকেও নজর রাখতে হবে। পরিবেশ রক্ষার এই আন্দোলনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, সড়কের পাশে ময়লার স্তূপ শুধু সৌন্দর্যহানিই নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর ছিল। আজকের এই উদ্যোগ এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার দায়িত্বও সকলকে নিতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া পরিবেশ সংরক্ষণ সম্ভব নয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ময়লা-আবর্জনার স্তুপ অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ইউনিয়ন পরিষদের কর্মচারী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী অংশ নেন। আগামী ১৫ দিনের মধ্যে ভুলতা গাউছিয়ার ময়লা-আবর্জনার স্তুপ সম্পূর্ণ অপসারণ শেষে বালু ভরাট করে সেখানে গাছের চারা রোপণ করা হবে। পরে ময়লা-আবর্জনার স্তুপের আংশিক সরিয়ে বালু ভরাট করে সেখানে গাছের চারা রোপণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম কর্মসূচির উদ্বোধন করেন।

এএন