বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশ। রোববার তাঁকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মির্জাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা সোহাগ মৃধার বিরুদ্ধে মারামারি এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারি মামলায় তিনি ১ নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি। এসব মামলায় পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দিষ্ট দুটি মামলায় সোহাগ মৃধাকে গ্রেপ্তার দেখিয়ে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন সোহাগ। পরে খালেদা জিয়া উপহারটি গ্রহণ করলেও তাঁর পরিবারের আর্থিক সচ্ছলতার কথা বিবেচনা করে গরুটি সোহাগকে ফেরত দেন। চলতি ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করেছিলেন সোহাগ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন