ময়মনসিংহে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবার আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ফলে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস আঠারবাড়ি স্টেশনের নিকট পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তেই ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন লাগার কারণে ইঞ্জিনটি বিকল হয়ে গেলে ট্রেনটি মাঝপথে থেমে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, ইঞ্জিন থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে দ্রুত ট্রেনটি থামানো হয়। খবর পাওয়ার পর একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বিকল্প ইঞ্জিনের সহায়তায় ট্রেনটিকে ময়মনসিংহে নিয়ে আসার চেষ্টা চলছে। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে একই দিন দুপুরে ঢাকা-ময়মনসিংহ রুটেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বেলা সাড়ে ১২টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়।
পরে প্রায় দুই ঘণ্টা মেরামত কাজ শেষে দুপুর আড়াইটার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
একই দিনে পরপর দুটি ঘটনায় ময়মনসিংহ অঞ্চলের রেল যোগাযোগে সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন