সবুজ শালবনের বুক চিরে মেঠো পথ পেরিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম বদনীভাঙ্গায় পৌঁছেছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম। অরণ্যঘেরা এই জনপদের প্রান্তিক নারীদের জীবনে নতুন আশার আলো হয়ে এসেছে এই উদ্যোগ।
বুধবার বদনীভাঙ্গা গ্রামে এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শুধু কার্ড বিতরণ নয়, এর ব্যবহার ও ডিজিটাল সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে হাতে-কলমে ধারণা দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
গ্রামের নারীদের ভোগান্তি কমাতে জেলা প্রশাসক নিজেই তাঁদের সঙ্গে কথা বলেন এবং মোবাইল প্রযুক্তির মাধ্যমে কার্ডের ব্যালেন্স যাচাই, হিসাব সংরক্ষণ ও প্রয়োজনীয় তথ্য ব্যবহারের পদ্ধতি সহজ ভাষায় বুঝিয়ে দেন। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে সরাসরি ডিজিটাল সেবা গ্রহণের পদ্ধতি জানতে পেরে উপস্থিত নারীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস দেখা যায়।
স্থানীয় নারীরা জানান, ফ্যামিলি কার্ড তাঁদের জন্য শুধু একটি কার্ড নয়, বরং সংকটের সময়ে পরিবারের খাদ্য ও প্রয়োজনীয় সহায়তার একটি গুরুত্বপূর্ণ ভরসা। নতুন কার্ড হাতে পাওয়ার পাশাপাশি সুবিধার নিশ্চয়তা পেয়ে তাঁদের মাঝে সৃষ্টি হয় আনন্দ ও স্বস্তির পরিবেশ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর এই অগ্রাধিকার প্রকল্প প্রান্তিক মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বদনীভাঙ্গার মা-বোনদের মুখের হাসিই এই উদ্যোগের সফলতার প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষ যেন সহজে সরকারি সুবিধা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে।
বদনীভাঙ্গার গহীন অরণ্যঘেরা গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণের এই আয়োজন প্রান্তিক মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি সংযোগ ও জনকল্যাণমূলক কার্যক্রমের এক মানবিক উদাহরণ হয়ে উঠেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন