ঝালকাঠিতে বাসের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১০:১৫ পিএম
ঝালকাঠিতে বাসের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

ঝালকাঠি শহরে বাসের চাপায় মো. সোলাইমান রাফি (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বাসন্ডা সেতুর পূর্ব পাশের ঢালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পৌর শহরের বিকনা নতুন স্টেডিয়াম সড়ক এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও প্রবাসী মো. সবুজ ডাকুয়ার বড় ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার নৈকাঠি এলাকায়। দুই ভাইবোনের মধ্যে রাফি ছিল সবার বড়।

রাফির সহপাঠী আমান ও সানী জানায়, রাফি তাদের খুব ভালো বন্ধু ছিল। স্কুলে তারা একসঙ্গে খেলাধুলা করত। আগামী ২৯ জুন থেকে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষায় আর অংশ নেওয়া হলো না রাফির। তার এমন অকাল মৃত্যুতে সহপাঠীদের মাঝে কান্নার রোল পড়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে বরিশাল থেকে ছেড়ে আসা ‘নিউ শাপলা পরিবহন’ নামের একটি লোকাল বাস রাফিকে বাইসাইকেল চালানো অবস্থায় চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। রাফির স্বজন, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জড়িত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেএইচআর