বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৬:৩৯ পিএম
বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৩৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ, সার, বালাইনাশক, চারা ও অন্যান্য কৃষি উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার। সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের জন্য ১ হাজার ৮০০ জন কৃষক প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষে ৮০ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৭০ জন এবং গ্রীষ্মকালীন শাকসবজি চাষে ১ হাজার ২০০ জন কৃষককে বীজ, সার ও বালাইনাশক দেওয়া হবে। অন্যদিকে, লেবু চাষ ও সামাজিক বনায়নের জন্য আরও ১৮০ জন উপকারভোগীকে বিনামূল্যে চারা ও জৈব সার প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর