নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর শাখা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকা থেকে লাশটি উদ্ধার করে খাগকান্দা নৌপুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মেঘনা নদীর শাখা নদীতে স্থানীয় জেলেরা জাল দিয়ে মাছ ধরার সময় অজ্ঞাত ওই ব্যক্তির লাশটি জালে আটকে উঠে আসে। পরে এলাকাবাসী বিষয়টি খাগকান্দা নৌপুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও শার্ট ছিল।
খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মালেক খসরু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ভেসে থাকা নিহতের দেহটি ফুলে চামড়া উঠে বিকৃত হয়ে গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন