পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গন্ডতা ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে এই কর্মসূচির আয়োজন করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকেরা।
মানববন্ধনে বক্তারা জানান, বিদ্যালয়টিতে অনুমোদিত ১৭ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে মাত্র ৪ জন শিক্ষক দিয়ে প্রায় ৪০০ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং বিদ্যালয়ের লেখাপড়ার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে অংশ নিয়ে অভিভাবক মো. আল আমিন খাঁ বলেন, একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এত বড় শিক্ষক সংকট অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এখানে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। অপর অভিভাবক সুমা আক্তারও বর্তমান সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন