কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১০মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২১)। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন এবং বগুড়ার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা লালন শাহ সেতুগামী একটি পাটের বস্তা বোঝাই ট্রাক ১০মাইল নামক স্থানে পৌঁছালে সেটির সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারালে দুই যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভেড়ামারা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে এবং হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, সকালে ১০মাইল এলাকায় শ্যামলী পরিবহন ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন