মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৩:১৮ পিএম
মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মেহেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. এ. কে. এম. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। 

এ সময় তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। সমাজে যা কিছুই ঘটে, গণমাধ্যমকর্মীদের চোখ দিয়েই আমরা তা দেখি। সমাজ ও দেশের মানুষের কাছে একটি তথ্য ছড়িয়ে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বার্তা জেলার প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে এবং ক্যাম্পেইনটি সফল করতে গণমাধ্যমকর্মীদের প্রচার-প্রচারণা চালানোর জন্য বিশেষভাবে আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার এবং পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন।

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার। তিনি শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলাজুড়ে এই ক্যাম্পেইন চলবে। এবারের ক্যাম্পেইনে মেহেরপুর জেলার মোট ৪৭৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬১৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশুকে লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উক্ত অবহিতকরণ সভায় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোযাম্মেল আজম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি দিলরুবা খাতুনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এএন