জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোরের চৌগাছায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান মিজান রুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্থাপিত ২৬৪টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী ক্যাম্পও চালু থাকবে।
বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ প্লাস শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাম, পুষ্টিহীনতা, রক্তস্বল্পতাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশেও এটি অত্যন্ত সহায়ক।
সভায় চিকিৎসকেরা জানান, ৬ মাসের কম বয়সী শিশু, ৫৯ মাসের বেশি বয়সী শিশু, গুরুতর অসুস্থ শিশু এবং গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণ করেছে এমন শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। একই সঙ্গে শিশুদের ভরা পেটে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুরাইয়া পারভীন, ডা. সাইদুর রহমান ইমন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রউফ খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথুনুর রহমান, নিত্যনন্দন পাল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে উপজেলার শতভাগ শিশুকে ক্যাপসুলের আওতায় এনে শিশুস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন