রাঙ্গামাটিতে ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৪:৪৭ পিএম
রাঙ্গামাটিতে ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটি জেলায় এবার সর্বমোট ৮৬ হাজার ৬০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ২৮ জুন দিনব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও ১ হাজার অতিরিক্ত ভিটামিন ক্যাপসুল মজুদ রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. সোহাগময় চাকমা, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেলথ অফিসার খোকন চাকমা এবং জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

অনুষ্ঠানের শুরুতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিস্তারিত ও মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. প্রতিক সেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার রাঙ্গামাটি জেলার ১ হাজার ২৯৭টি কেন্দ্রে ২ হাজার ১৪ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য বিভাগের ২৮৫ জন কর্মীর মাধ্যমে জেলা ও উপজেলার প্রতিটি যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচির শতভাগ সাফল্য অর্জনে সব মহলের সহযোগিতা কামনা করেছে স্বাস্থ্য বিভাগ।

জেএইচআর