পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, চারা বিতরণ

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৪:৪৯ পিএম
পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, চারা বিতরণ

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার  দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিস যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এই মেলায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন এলাকার ফল চাষি ও কৃষকেরা অংশ নিয়েছেন।

পরে ফলমেলা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (উদ্যান) সুবোধ চন্দ্র রায় এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী।

আলোচনা সভায় বক্তারা সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ২৫-৩০ গ্রাম ফল খাওয়ার পরামর্শ দেন। তাঁরা বলেন, দেশীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে প্রতি বছর আপেল, কমলা, আঙুর ও মাল্টাসহ বিভিন্ন বিদেশি ফল আমদানিতে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় হয়। আমরা যদি দেশীয় ফলের ওপর নির্ভরশীলতা বাড়াতে পারি, তবে এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয়ের পাশাপাশি নিজেদের পুষ্টির চাহিদাও পূরণ হবে। তাই পুষ্টির চাহিদা মেটাতে সবাইকে বাড়ির আঙিনায় অন্তত একটি করে ফলজ গাছ লাগানোর আহ্বান জানান তাঁরা।

আয়োজকেরা জানান, এবারের মেলায় মোট ১৩টি স্টল স্থান পেয়েছে। যেখানে দেশীয় বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শনীর পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির নানান দিক তুলে ধরা হচ্ছে। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বিভিন্ন ফলজ চারা বিতরণ করেন।

জেএইচআর