খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি অস্ত্র, গোলাবারুদসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রেখুং পাড়া প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এই সফল অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- গুইমারার হাফছড়ি ইউনিয়নের লক্ষ্যসিপাড়া এলাকার থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়া এলাকার সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং একই ইউনিয়নের মানসিপাড়া এলাকার দুর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।
মাটিরাঙ্গা জোন সূত্রে জানা গেছে, ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এক ব্যক্তির বাড়িতে রাতযাপন করছে এবং বড় ধরনের নাশকতা ও চাঁদাবাজির পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। ভোররাতের দিকে ওই বাড়ি ঘেরাও করে এই তিন সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান শেষে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১টি চাকু, ৩টি ব্যাগ, ১ জোড়া বুট জুতা এবং নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা ও আশপাশের এলাকায় সাধারণ ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী এবং কৃষকদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায়সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাদের এই আটকের খবরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ইউপিডিএফ সদস্যদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হবে। পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন