ঝালকাঠিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১০:৫৪ এএম
ঝালকাঠিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝালকাঠিতে জেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস. এম. জিয়ারউদ্দিন হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. বায়জীদ ইবনে আকবর, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠকরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এস. এম. জিয়ারউদ্দিন হায়দার বলেন, “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ‘সবার আগে বাংলাদেশ’—এই লক্ষ্যকে সামনে রেখে আমরা একটি দক্ষ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। তরুণ প্রজন্মকে শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা তাদের জীবনধারার অংশ হয়ে উঠলে তারা শারীরিক ও মানসিকভাবে আরও সমৃদ্ধ হবে।

আমি যখন ছোট ছিলাম, তখন আমি ধলু ভাইয়ের সঙ্গে এই মাঠে ফুটবল খেলেছি। তিনি একজন সনামধন্য ফুটবল খেলোয়াড় ছিলেন। প্রতিদিন আমরা মাঠে খেলতাম। আমার মনে হয় না, কেউ বিকেলে ঘরে বসে থাকত। সবাই মাঠে আসত, সন্ধ্যা নামার আগে খেলা শেষ করত। এরপর গোসল করে পড়তে বসত। আমরা সেই ঝালকাঠিকে ফিরিয়ে আনতে চাই। খেলাকে আমরা জীবনের একটি অংশ বানাতে চাই।

আগামী অর্থবছরের ১ জুলাই থেকে দুটি প্রকল্প সংযুক্ত হয়েছে। ইনশাআল্লাহ, এক-দুই বছরের মধ্যে আমরা বলতে পারব, আমরা আলোকিত ঝালকাঠির বাসিন্দা। এর মধ্যে একটি হলো ঝালকাঠির ক্রীড়া কমপ্লেক্স, যেখানে ছেলে-মেয়ে সবার জন্য খেলাধুলার ব্যবস্থা থাকবে। বাইরে ও ভেতরে—দুই ধরনের খেলাধুলারই সুযোগ থাকবে। আগামী দিনে ঝালকাঠিতে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ। আমরা আশা করি, এ আয়োজন ঝালকাঠির ক্রীড়া চেতনার নবজাগরণ ঘটাবে এবং তরুণদের সম্ভাবনা বিকাশে সহায়ক হবে। খেলাধুলা শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে তোলে। পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের মাধ্যমে তরুণদের মানবসম্পদে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য।

উদ্বোধনী ম্যাচে সুগন্ধা গ্রুপের ঝালকাঠি পৌরসভা ও নলছিটি উপজেলা দল মুখোমুখি হয়। সুগন্ধা গ্রুপে রয়েছে ঝালকাঠি পৌরসভা, কাঁঠালিয়া উপজেলা ও নলছিটি উপজেলা দল। অন্যদিকে ধানসিঁড়ি গ্রুপে রয়েছে ঝালকাঠি সদর উপজেলা, নলছিটি পৌরসভা ও রাজাপুর উপজেলা দল।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে কাঁঠালিয়া উপজেলা মাঠ, ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়াম, নলছিটি চায়না মাঠ ও রাজাপুর পাইলট স্কুল মাঠে। প্রতিটি ম্যাচ বিকেল ৪টায় শুরু হবে। আগামী ৩ জুলাই বিকেল ৪টায় ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে সুগন্ধা ও ধানসিঁড়ি গ্রুপের চ্যাম্পিয়ন দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার চার উপজেলার বিভিন্ন এলাকার ছয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী দর্শক, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম মুখর হয়ে ওঠে।

এএন