মাদারীপুর থেকে সন্ত্রাস, মাদক, মানবপাচার, কিশোর গ্যাং ও ভূমিদস্যুতার মতো অপরাধ নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
শুক্রবার সকাল ১১টায় মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর তরমুগুরিয়া-লক্ষীগঞ্জ সেতুর নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি জাহান্দার আলী মিয়া বলেন, সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় মাদারীপুর থেকেও সন্ত্রাস, মাদক, মানবপাচার, কিশোর গ্যাং ও ভূমিদস্যুতার মতো অপরাধ নির্মূল করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, তরমুগুরিয়া-লক্ষীগঞ্জ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হলে কয়েক হাজার মানুষের যাতায়াত সহজ হবে। লক্ষীগঞ্জ ও আশপাশের এলাকার মানুষ খুব সহজেই সড়কপথে মাদারীপুর শহরে যাতায়াত করতে পারবেন। এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। বর্তমান সরকার সেই প্রত্যাশা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন