গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে পৃথক তাজিয়া ও শোক মিছিল

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৭:১৮ পিএম
গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে পৃথক তাজিয়া ও শোক মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে পৃথক স্থানে তাজিয়াসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ১১ মিনিটে দৌলতদিয়া খানকা শরীফ থেকে একটি বিশাল শোক মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে এসে শেষ হয়।

একই সময়ে গোয়ালন্দ কেন্দ্রীয় ইমাম বাড়া শরীফ থেকেও বিশাল আরেকটি শোক মিছিল বের করা হয়। এই মিছিলটি উপজেলা কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। কারবালার ঐতিহাসিক ও হৃদয়বিদারক ঘটনাকে স্মরণ করে ভক্তরা মিছিলে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মাতম করেন।

দৌলতদিয়া খানকা শরীফের মিছিলে উপস্থিত ছিলেন খানকা শরীফের সভাপতি মো. মুক্তার হোসেন বেপারী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অন্যদিকে গোয়ালন্দ কেন্দ্রীয় ইমাম বাড়া শরীফের তাজিয়া মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি একেএম গোলাম মওলা হিরু চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। আঞ্জুমান-ই-কাদেরীয়ার অর্ধলক্ষাধিক ভক্ত ও মুরীদান এই দুটি পৃথক তাজিয়া শোক মিছিলে অংশ নেন। দিনটি উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।

জেএইচআর