মাদক সেবনের দায়ে বোদায় তিনজনের কারাদণ্ড

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৬:২১ পিএম
মাদক সেবনের দায়ে বোদায় তিনজনের কারাদণ্ড

বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া বাজারের পাশবর্তী জঙ্গল থেকে তিন মাদকসেবীকে আটক করেছে বোদা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ইয়াবা, ২ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও মদের খালি বোতল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। এ সময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দুপুরে বোদা থানার এসআই তোহিদুল ইসলামসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাড়েয়া বাজারের পেছনের একটি জঙ্গলের ভেতর থেকে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে লিটন (৩৫), ফুকটিবাড়ী গ্রামের জমির উদ্দীনের ছেলে জহিরুল ইসলাম (২২) এবং সরকারপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুমন (২১)।

বোদা থানার ওসি সোয়েল রানা জানান, মাদক সেবনের সময় পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করলে জেলহাজতে পাঠানো হয়।

এএন