পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জে মহিলা পরিষদের আলোচনা সভা

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৬:৪৬ পিএম
পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জে মহিলা পরিষদের আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "পরিবেশ বিপর্যয় মোকাবিলা করি, নারীর সংকট নিরসনে কাজ করি"- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ উপ-পরিষদের উদ্যোগে কমর আলী হাইস্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।

এ সময় বক্তব্য দেন কমর আলী হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, অর্থ সম্পাদক শীলা সরকার, ব্রাঞ্চ এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সিনিয়র শিক্ষক মোমিনুল ইসলাম ও রমা রানী দাস, নবম শ্রেণির ছাত্রী আজরা ও সুমাইয়া আক্তার মীম এবং ছাত্র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলেন, প্রকৃতি ও পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ নিতে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই দিবসটি পালন করা হয়। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ৫ জুন দিবসটি পালিত হয়ে আসছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে পৃথিবীতে জীবন রক্ষা এবং পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মহিলা পরিষদও সবসময় এ ধরনের ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এবারের কর্মসূচির অংশ হিসেবে আজ এই প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, নারায়ণগঞ্জ শহরকে পরিবেশ সুরক্ষায় সক্ষম করতে সমন্বিত উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনা বাস্তবায়ন জরুরি। বর্জ্য অব্যবস্থাপনা, জলাভূমি দখল, নদী ও পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করে আসছে। পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। 

ব্যবহারের পর পলিথিন ব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রী যত্রতত্র ফেলে দেওয়া হয়, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর ফলে ক্যান্সার, লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, ত্বকের সমস্যাসহ নানা ধরনের রোগের প্রকোপ বাড়ছে। এই পরিবেশগত বিপর্যয়ের নেতিবাচক প্রভাব নারীদের ওপরও পড়ছে। 

জনগণের মধ্যে যেমন সচেতনতার অভাব রয়েছে, তেমনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে যথাযথ ভূমিকা পালন করছে না।

তারা জোর দাবি জানান, প্লাস্টিক নিষিদ্ধ করে সুলভ মূল্যে এর বিকল্প ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাপদাহ এখন চরম অবস্থায় পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। রাজধানী, জেলা শহর, উপজেলা ও গ্রাম- সব পর্যায়েই পর্যাপ্ত গাছপালা নেই। ইচ্ছেমতো গাছ কেটে ফেলা হচ্ছে, বনভূমি উজাড় করা হচ্ছে। 

যার ফলেই আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই আজ থেকেই নিজ উঠানে বা যেখানে গাছ লাগানোর সুযোগ রয়েছে সেখানে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং সবাই উপকৃত হবে। এ বিষয়ে সরকারকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।

পরে কমর আলী হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কৃষ্ণচূড়া ও পেয়ারা গাছ রোপণ করা হয়। এ সময় শিক্ষকসহ ৮১ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এএন