বামনায় পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

বামনা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৮:১৮ পিএম
বামনায় পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

বরগুনা জেলার বামনা উপজেলা সদরের দক্ষিণ আমতলী গ্রামে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার দুপুর ২টার দিকে ওবাদুল (৯) ও তালিমুল ইসলাম (২১) নামের দুজন পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুবরণ করেন। তারা সম্পর্কে আপন মামা-ভাগ্নে। এর মধ্যে মামা তালিমুল ইসলাম একজন পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বামনা উপজেলা সদরের পূর্ব সফিপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের নয় বছর বয়সী ছেলে ওবাদুলকে নিয়ে মামা তালিমুল ইসলাম (২১) বাড়ির পাশের পুকুরে সাঁতার শেখাতে যান। পুকুরের গভীরতার কারণে তার ভাগ্নে ডুবে যায়। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করতে গিয়ে মামাও ডুবে যান।

এ সময় বাড়ির আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ডুবে যাওয়া দুজনকেই পানি থেকে উদ্ধার করে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তুহিন হাওলাদার পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন।

এএন