‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ সভার আয়োজন করে ঈশ্বরগঞ্জ নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েব) এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।
সভায় সভাপতিত্ব করেন পিএফজি সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএফজি সদস্য ও সাংবাদিক মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন পিএফজি সমন্বয়কারী এবং দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান।
বক্তারা বলেন, সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে নারীর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব শক্তিশালী হলে সামাজিক সংঘাত কমে আসে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা বৃদ্ধি পায়।
তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন শুধু অধিকার প্রতিষ্ঠার বিষয় নয়; এটি একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তাই সমাজের সব স্তরে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, বড়হিত ইউনিয়ন পরিষদের সদস্য ববিতা খাতুন, সাবেক ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য রাবেয়া বেগম, পিএফজি সদস্য নাসরিন আক্তার এবং নারী নেত্রী মাজেদা খাতুনসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নারী নেত্রী, শিক্ষক, পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় ঈশ্বরগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নারীর ক্ষমতায়ন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন