মধুপুরে মাদক বিক্রির অপরাধে ৫ জনের এক বছর করে কারাদণ্ড

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৫:৪৩ পিএম
মধুপুরে মাদক বিক্রির অপরাধে ৫ জনের এক বছর করে কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫ মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে মধুপুর থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাধাপালবাড়ী গ্রামের মো. হাসমত আলীর ছেলে জাহিদ হাসান (৩০), পালবাড়ী গ্রামের হোসেন ফকিরের ছেলে মো. রুবেল (৩৪), মধুপুর পৌর শহরের আঙ্গিনা পাড়া এলাকার আক্তার সওদাগরের ছেলে জাহিদুল (৩০), মোহন সওদাগরের ছেলে বাবু সওদাগর (৩০) এবং মৃত মোহন সওদাগরের ছেলে নিজাম সওদাগর (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৫ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

জেএইচআর