গাংনীতে শিক্ষকের বাড়িতে চিরকুট ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

মো. সাইদ হাসান, গাংনী (মেহেরপুর) প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১১:২১ এএম
গাংনীতে শিক্ষকের বাড়িতে চিরকুট ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

"দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন, পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলবো"- চিরকুটে এমন ভয়ঙ্কর প্রাণনাশের হুমকি দিয়ে মেহেরপুরের গাংনীতে আক্কাস আলী নামে এক শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে উপজেলার কসবা গ্রামের মোল্লাপাড়ায় ওই শিক্ষকের বাড়ির সিঁড়ির নিচ থেকে এগুলো উদ্ধার করে পুলিশ। আক্কাস আলী কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে এবং গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে গত ছয় মাস ধরে বিরোধ চলছিল শিক্ষক আক্কাস আলীর। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপও করেন। আজ বুধবার জমিজমার কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। কিন্তু তার আগেই ভোরে দুর্বৃত্তরা তার বাড়িতে এই বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুটটি রেখে যায়।

চিরকুটের হুবহু লেখা:

"দেয়াল দিচ্ছি রাস্তার পাশ দিয়ে পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলবো দল এখন পাওয়ারে বেঁচে থাকতে কথা শোন"

একের পর এক বোমাসদৃশ বস্তু ও হুমকিসম্বলিত চিরকুট উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই হুমকির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এএন