দিনাজপুরের নবাবগঞ্জে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলাকালীন তিনি বিভিন্ন কেন্দ্রের কক্ষগুলো ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা তার সার্বিক খোঁজখবর নেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার ১০টি এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে এবার সর্বমোট পরীক্ষার্থী ছিল ১,৫০৯ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ১,৪৩৪ জন এবং অনুপস্থিত ছিল ৭৫ জন শিক্ষার্থী।
পরিদর্শনকালে ইউএনও কেন্দ্র সচিব, দায়িত্বরত শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। একই সাথে তিনি পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে সব ধরনের অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইউএনও বিধান কান্তি হালদার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। পরীক্ষার হল বা কেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম ও অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।
কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক, বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সচিব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন