চৌগাছায় ২৫০ শয্যার ডা. আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৬:৫৩ পিএম
চৌগাছায় ২৫০ শয্যার ডা. আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট ‘ডা. আনিসুজ্জামান হাসপাতাল’-এর শুভ উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় হাসপাতাল প্রাঙ্গণে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আনিসুজ্জামান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাছানুজ্জামান (রাহিন)।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, আধুনিক চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের এমন মানসম্মত ও বৃহৎ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি হাসপাতালটির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ. কে. নাজমুজ্জামান-শাহিন এবং খুলনার সাবেক সিভিল সার্জন ডা. এ. এস. এম. আব্দুর রাজ্জাক।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ডা. মিজানুর রহমান, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (উপসচিব) মাহবুবুর রহমান মিলন, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.জি.এম. মুনিব এবং চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক, সুধীজন এবং এলাকার সর্বস্তরের সর্বসাধারণ।

হাফেজ হুমায়ুন কবিরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এরপর খুলনা অঞ্চলের কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান হোসাইন মাহমুদ শওকতের সভাপতিত্বে একটি বিশেষ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, উন্নত রোগ নির্ণয় পদ্ধতি এবং রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন কারিগরি দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

আলোচক ও আমন্ত্রিত বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ২৫০ শয্যার এই ডা. আনিসুজ্জামান হাসপাতালের যাত্রা চৌগাছাসহ আশপাশের অঞ্চলের মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে। ঘরের কাছেই এমন উন্নত ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত হওয়ায় জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্ত কিংবা বড় শহরে যাওয়ার ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানের শেষ অংশে ফিতা কেটে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং আগত অতিথিরা হাসপাতালের আধুনিক বিভিন্ন বিভাগ ও চিকিৎসা সরঞ্জাম ঘুরে দেখেন।

জেএইচআর