খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৭:৫৯ পিএম
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়। এটি তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম কার্যকর উপায়।

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।

শুক্রবার বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর মিনি স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই।

সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেম গড়ে তুলতে ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম। তাই তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের টুর্নামেন্ট শুধু প্রতিভা বিকাশের সুযোগই সৃষ্টি করে না। বরং এটি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আসিক মাহমুদ কবির এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং ১৬টি ইউনিয়ন ও পৌরসভার খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর মোচনা ইউনিয়ন ও খান্দারপাড়া ইউনিয়নের মধ্যে উদ্বোধনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাপূর্ণ এই ম্যাচে মোচনা ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে খান্দারপাড়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।

জেএইচআর