এমপি খোকন তালুকদার

আড়িয়াল খাঁর ভাঙন রোধে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ করা হবে

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৭:২৮ পিএম
আড়িয়াল খাঁর ভাঙন রোধে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ করা হবে

নদী ভাঙন কবলিত অঞ্চলের জনগণকে আশ্বস্ত করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপি সরকার এবং আমরা নদী ভাঙন রোধে সম্পূর্ণ সোচ্চার আছি। আমরা সবসময় ভাঙনকবলিত অসহায় মানুষের পাশে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দ্রুততম সময়ের মধ্যে সব ঝুঁকিপূর্ণ জায়গায় জরুরি জিওব্যাগ ফেলে সাময়িকভাবে নদী ভাঙন রোধ করতে পারি।

শুক্রবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকা দিয়ে বয়ে চলা আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে আয়োজিত 'জরুরি তীর প্রতিরক্ষা কর্মসূচি'তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য খোকন তালুকদার বলেন, জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার পাশাপাশি আমরা চেষ্টা করব এখানে স্থায়ীভাবে ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করার। এর মাধ্যমে বাঁশগাড়ী ইউনিয়নকে নদী ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করা হবে।

বর্তমান সরকার নদী, খাল এবং নদীর তীরবর্তী মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দেশের প্রায় প্রতিটি নির্বাচনী আসনের সংসদ সদস্যরা সংসদে এই নদী ভাঙন সমস্যা নিয়ে কথা বলেছেন। রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের নদী তীরবর্তী মানুষদের ভালো রাখার জন্য অত্যন্ত সোচ্চার ও আন্তরিক।

জরুরি তীর প্রতিরক্ষা কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

জেএইচআর