জাজিরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১২:৩৮ এএম
জাজিরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় বাড়ির পাশে জমে থাকা গর্তের পানিতে ডুবে জুনায়েদ রাড়ী নামের পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের সরদারকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই গ্রামের রানা রাড়ীর ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে জুনায়েদের মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এই সময় বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল জুনায়েদ। খেলার ছলে একপর্যায়ে সে বাড়ির পাশে আগে খনন করা একটি গর্তের জমে থাকা পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের পানিতে জুনায়েদকে ভাসতে দেখে মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অবুঝ শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের চাচা শাহ আলম রাড়ী বলেন, জুনায়েদ খুব চঞ্চল ছিল। সকালে খেলতে খেলতে কখন যে গর্তের পানিতে পড়ে গেছে, কেউ টের পায়নি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। হাসপাতালে নিয়েও তাকে আর বাঁচানো গেল না।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার কোনো হৃদস্পন্দন ছিল না। মূলত হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

জেএইচআর