নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে ফ্লাইওভারের নিচে পড়ে জিমেল (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হেতিমদী ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিমেল উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে জিমেল দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে মনোহরদীর হেতিমদী ফ্লাইওভার অতিক্রম করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের কিনারার রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে ফ্লাইওভারের নিচে পড়ে যান।
মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সেখানে পৌঁছানোর আগেই জিমেলের মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন