ফেনীতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনিরা হক।
জেলা প্রশাসক জানান, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের আগাম প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সভায় বৃষ্টিপাতের পরিমাণ নিয়মিত মনিটরিং করা, এনটিআরসির সঙ্গে সমন্বয় করে যোগাযোগ ও নেটওয়ার্ক সচল রাখা, পর্যাপ্ত শুকনা খাবার মজুত রাখা এবং হাসপাতালগুলোতে সাপের কামড়ের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরীন কান্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্যাহ, পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম মুহাম্মদ নুরুল হোসাইন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি সালাহ উদ্দিন মামুন প্রমুখ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন