জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আগামী ১৬ জুলাই রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে গাইবান্ধা জেলা ছাত্রদল।
বুধবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে জেলার আওতাধীন উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাদের অংশগ্রহণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সদস্যসচিব ওয়ালিদ শাকিল।
প্রস্তুতি সভায় বিভাগীয় ছাত্র সমাবেশ সফল করতে সাংগঠনিক দিকনির্দেশনা দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আদর্শ ও আত্মত্যাগের চেতনা ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশকে সফল করতে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও কলেজ শাখায় ব্যাপক জনসংযোগ চালানোর আহ্বান জানান তারা।
এ সময় নেতারা সমাবেশে গাইবান্ধা জেলা থেকে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর সুশৃঙ্খল অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রস্তুতি সভায় গাইবান্ধা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন